বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যখন টালমাটাল বিনোদন অঙ্গন, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় পূজা স্পষ্ট জানিয়ে দেন যে, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সাথে ব্যক্তিগতভাবে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। পরিবারের সদস্যদের জড়িয়ে চলমান এই পরিস্থিতিতে নিজের সম্মান রক্ষায় সরাসরি কথা বললেন এই অভিনেত্রী।
পূজা চেরি জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি মিডিয়াতে কাজ করছেন এবং অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয়ভার সম্পূর্ণ নিজে বহন করে আসছেন। বাবার ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের লেনদেনের সাথে তিনি কখনোই যুক্ত ছিলেন না। এমনকি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায়ও তিনি নেই বলে উল্লেখ করেন।
উদ্ভূত এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পূজা। তিনি বলেন, “পরিবারের সদস্য হওয়ার সূত্রে এই পরিস্থিতি আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবে এটি একান্তই আমার বাবার ব্যক্তিগত আইনি বিষয়।” আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। এমন আশাবাদ ব্যক্ত করে পূজা আরও জানান, বিষয়টি যেহেতু বর্তমানে আদালতের অধীনে এবং তদন্তাধীন, তাই তিনি আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।