ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।

তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিষয়টি আপাতত তার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন। তবে তখন বিয়ের তারিখ বা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজার বিয়ে হয়ে যাওয়ার খবর। পরে বিষয়টি নিয়ে মুখ খুলে অভিনেত্রী জানান, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।

এবার কয়েক সপ্তাহের ব্যবধানে সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজার বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে। তবে পাত্রের পরিচয়, ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরি পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সত্যিই যদি ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, তাহলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখবেন এই অভিনেত্রী।