সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি এক অনুষ্ঠানে ভাইরাল হওয়া ভিডিও এবং তা ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত পূর্ণিমার ফেসবুকে প্রকাশ করা একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা যায় অভিনেত্রীকে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। এরপরই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও জল্পনা শুরু হয়।

এ বিষয়ে এক অনুষ্ঠানে হেসেই প্রতিক্রিয়া জানান পূর্ণিমা। তিনি বলেন, “ভিডিওটা আমি পোস্ট করেছি। পরে আবার আমার এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও দিয়েছি। কিন্তু যেসব গল্প বানানো হয়েছে, সেগুলো আমি বানাইনি, আপনারাই বানিয়েছেন।”

ভাইরাল ভিডিওর পেছনের বাস্তব ঘটনাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটি নির্দিষ্ট রিসোর্টে নিয়মিত যাতায়াত করেন তিনি এবং সেখানকার আতিথেয়তা ও রান্না তার খুবই পছন্দ।

পূর্ণিমার ভাষায়, “আমি একটা রিসোর্টে যাই। সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি, তাই কিচেনে গিয়ে দেখি কীভাবে রান্না হচ্ছে।”

তিনি আরও বলেন, “ওরা অপেক্ষা করে আমি কখন যাব। আমি রান্না দেখতে ভালোবাসি। মাঝে মাঝে বলি, আমি একটু শসা বা লেবু কেটে দিই। ওরাও খুব আন্তরিকভাবে সেটা করতে দেয়। তারা আমাকে অনেক ভালোবাসে।”

পূর্ণিমার বক্তব্যে স্পষ্ট, ভাইরাল ভিডিওকে ঘিরে যে ব্যাখ্যা ও গুঞ্জন ছড়িয়েছিল, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং এটি ছিল তার পরিচিত মানুষদের সঙ্গে কাটানো কিছু স্বাভাবিক ও আনন্দময় মুহূর্ত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।