‘বদলাপুর’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। এবার নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য় দেখা গেছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের অনিশ্চয়তা, মাতৃত্ব ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
রাধিকা জানান, একসময় কাজ হারানোর ভয়ে যেকোনো প্রস্তাবে রাজি হতেন। এমনকি বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। তবে এখন সহজেই কোনো কাজকে ‘না’ বলতে পারেন। তাঁর মতে, অভিনয়জগতে কাজের নিশ্চয়তা নেই। আজ সুযোগ থাকলেও আগামীকাল তা থাকবে কি না, কেউ জানেন না। এই অনিশ্চয়তা থেকেই একসময় কাজ হাতছাড়া হওয়ার ভয় কাজ করত তাঁর মধ্যে।
মা হওয়ার পর কাজ ও জীবন নিয়ে ভাবনায় পরিবর্তন এসেছে রাধিকার। সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন মনে করেন, মাতৃত্বের সময় কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়া প্রয়োজন ছিল। সন্তানকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে অনেক চাপের মুখে পড়েছিলেন তিনি। শরীর আগের অবস্থায় ফিরতেও প্রায় দুই বছর সময় লেগেছে।
রাধিকার মতে, নিজের হয়ে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই প্রকৃত শক্তি। অতীতে অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজে রাজি হয়েছেন, পরে তা নিয়ে অস্বস্তিতে ভুগেছেন। এখন নিজের পক্ষে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি।
সাক্ষাৎকারে সহিংসতা নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী। বাস্তব জীবনে সব ধরনের হিংসার বিরোধী তিনি। পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বচ্ছন্দ নন। তবে ‘আক্কা’ সিরিজে সংঘাত ও সহিংসতা গল্পের প্রয়োজনে এসেছে বলে মনে করেন রাধিকা। তাঁর ভাষায়, এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সিরিজে নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ বলেও উল্লেখ করেছেন তিনি।