সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বা কাজের কোনো সাক্ষাৎকার দেখলে অদ্ভুত এক অস্বস্তি বা ‘ক্রিঞ্জ’ (Cringe) অনুভূত হয় বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই তারকা সম্প্রতি নিজের এমন একটি অদ্ভুত অনুভূতির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, বিভিন্ন পেজ থেকে যখন তাঁর নিজের সাক্ষাৎকার বা ভিডিও হোম পেজে আসে, তখন তাঁর প্রচণ্ড ‘ক্রিঞ্জ’ লাগে এবং সঙ্গে সঙ্গেই তিনি ‘নট ইন্টারেস্টেড’ বা হাইড করে দেন। নিজের এই অস্বস্তির কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান, এই কারণেই তিনি সাধারণত কোনো পডকাস্টে অংশ নিতে চান না; কারণ একবার কোথাও গেলে টানা তিন মাস ধরে ইন্টারনেটে একই জিনিস বারবার দেখতে হয়। এদিকে অভিনেত্রীর এমন মজার ও খোলামেলা পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা তাদের মিশ্র প্রতিক্রিয়া ও ভালোবাসার কথা জানিয়েছেন।