জনপ্রিয় নৃত্যশিল্পী ও তরুণ অভিনেতা রাঘব জুয়াল তাঁর নতুন সিনেমা ‘ভাইতেরা স্টার হ্যায়’ (Bhai Tera Star Hai)-এর মুক্তি সামনে রেখে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলিউড ‘কিং’ শাহরুখ খানকে নিজের মেন্টর ও গুরু হিসেবে বর্ণনা করেছেন। শাহরুখের দেওয়া অমূল্য পরামর্শ ও দিকনির্দেশনাই তাঁকে সিনেমাটির মুক্তির তারিখ এগিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।
শাহরুখ কেবল একজন বড় তারকা নন, জীবনের বহু গুরুত্বপূর্ণ শিক্ষাও তাঁর কাছ থেকে পাওয়া যায়। তিনি বলেন, “তিনি জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। সম্প্রতি যখন আমি একটি সমস্যায় পড়ে তাঁর কাছে যাই, তখন তিনি আমাকে সাহস দিয়ে বলেন ‘বেটা তুই সিনেমা মুক্তি দে, নিজের কাজটা পুরোপুরি কর এবং কে কী বলল তা নিয়ে ভাবিস না। তোর কাজই তোর পরিচয় দেবে।’ শাহরুখ স্যারের এই কথার পরই আমি সিদ্ধান্ত নিই সিনেমাটির মুক্তি এগিয়ে এনে আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে নিয়ে আসার।”
নিজেকে শাহরুখ খানের একজন ‘শাগরেদ’ বা শিষ্য হিসেবে উল্লেখ করে রাঘব আরও বলেন, “এমনকি তিনি যখন কিছু নাও বলেন, তখনও তাঁর কাছ থেকে শেখার অনেক কিছু থাকে। শুধু অভিনয় নয়, কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তা-ও গুরুর কাছ থেকে শেখা উচিত। তিনি আমার জ্যেষ্ঠ অভিনেতা এবং আমি সবসময় তাঁর থেকে শিখছি।”
উল্লেখ্য, তরুণ অভিনেতাদের মধ্যে রাঘব জুয়াল টেলিভিশন থেকে এসে সিনেমায় সাফল্য পেয়ে বেশ প্রশংসিত হয়েছেন। খুব শিগগির তিনি শাহরুখ খানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ (King)-এ পর্দা শেয়ার করবেন। তবে সেই মেগা প্রজেক্টের আগে আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তাঁর একক অভিনীত সিনেমা ‘ভাইতেরা স্টার হ্যায়’।