কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার জিতেছে সিনেমাটি।

‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি। সিনেমাটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের খবরও ভাগ করে নিয়েছেন তারা।

দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।

আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও প্রশংসিত হয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়েছে সিনেমাটি।

এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে ‘রইদ’। গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। কানাডার উৎসবে একসঙ্গে তিনটি পুরস্কার জয় সিনেমাটির আন্তর্জাতিক যাত্রায় যোগ করল নতুন সাফল্য।