টানটান উত্তেজনা আর ভিন্নধর্মী গল্পের কারিগর রায়হান রাফী এবার ঈদে আসছেন একদমই নতুন ঘরানার সিনেমা নিয়ে। নাম ‘প্রেশার কুকার’। গত ২১ ও ২২ ফেব্রুয়ারি পরপর দুদিনে সিনেমাটির দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের কৌতূহল উসকে দিয়েছেন এই নির্মাতা।
প্রকাশিত পোস্টারে কোনো পুরুষ তারকা নয়, বরং প্রাধান্য পেয়েছেন চার নারী চরিত্র। তারা হলেন, শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নির্মাতা জানান, ঢাকার ব্যস্ত জীবনে নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, মানসিক দ্বন্দ্ব এবং অদৃশ্য জীবনসংগ্রামই এই সিনেমার মূল উপজীব্য।
নামকরণের কারণ ব্যাখ্যা করে রায়হান রাফী বলেন, “শহরটি অনেক সময় নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’-এ পরিণত হয়, যেখানে নীরব চাপ একসময় বিস্ফোরণের মতো ফেটে পড়ে। আবার অনেক মেয়ে অল্প সময়ে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে, ঠিক যেমন অল্প সময়ে রান্নার জন্য আমরা প্রেশার কুকার ব্যবহার করি। সেই দর্শন থেকেই এই নাম।”
বাণিজ্যিক সিনেমায় নায়ক ছাড়া শুধু চার নারীকে কেন্দ্র করে গল্প বলা ঢালিউডে এক সাহসী পদক্ষেপ। রাফী দাবি করেন, এটি একটি ‘হাইপারলিংক স্টোরি’, যেখানে চারটি ভিন্ন গল্প একবিন্দুতে এসে মিলিত হয়েছে। এ ধরনের কাজ বাংলা সিনেমায় আগে হয়নি বলে জানান তিনি।
‘প্রেশার কুকার’ রায়হান রাফীর ক্যারিয়ারের বিশেষ একটি সিনেমা, কারণ এর মাধ্যমেই তিনি প্রযোজনায় নাম লেখালেন। কানন ফিল্মস-এর ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রাফী ও ফরিদুর রেজা সাগর।
নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করে রাফী বলেন, “আমার কোনো সিনেমা এখন পর্যন্ত ফ্লপ হয়নি, এটাও হবেনা। দর্শক সবসময় নতুন কিছু চায়, আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ‘পোড়ামন ২’, ‘পরাণ’ কিংবা ‘তুফান’-এর মতো এটিও দর্শকদের মন জয় করবে। এটি শুধু নারীদের সিনেমা নয়, এটি একটি নারীপ্রধান বাণিজ্যিক সিনেমা।”
অ্যাকশন আর রোমান্সের বাইরে জীবনের রূঢ় বাস্তবতা নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।