দীর্ঘ চার দশক পর ফের একই ফ্রেমে ধরা দিলেন দক্ষিণ ভারতের দুই মেগাস্টার- রজনীকান্ত ও কমল হাসান। ১৯৮৫ সালে ‘গিরফতার’ ছবিতে শেষবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। দীর্ঘ ৪০ বছরের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন প্রজেক্ট ‘কেএইচxআরকে’ (KHxRK)-এর জমকালো প্রোমো। নেলসন দিলীপকুমারের পরিচালনা এবং অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীতে এই প্রজেক্টটি ঘিরে ইতিমধ্য়েই বিনোদন জগতে উন্মাদনা তুঙ্গে।
প্রকাশিত প্রোমোটিতে দুই কিংবদন্তিকে দেখা গেছে একবারে ভিন্নধর্মী রেট্রো লুকে। ভিডিওর শুরুতে পরিচালক নেলসন ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধকে ছবির সুর নিয়ে মজার ছলে আলোচনা করতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তেই স্টাইলিশ এন্ট্রিতে হাজির হন রজনীকান্ত ও কমল হাসান। একটি গ্যারেজের ভেতর দিয়ে হেঁটে তাঁরা যখন গাড়িতে ওঠেন, তখন চালকের আসনে বসেন কমল হাসান। আলাপচারিতার এক পর্যায়ে দুই তারকাই রসিকতা করে পরিচালককে প্রশ্ন ছোঁড়েন, “ছবির নায়ক কে?”
উল্লেখ্য, ‘কেএইচxআরকে’ নামটিকে আপাতত এই প্রজেক্টের শিরোনাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, মূল নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। সত্তর ও আশির দশকে ‘অপূর্ব রাগাঙ্গাল’ বা ‘আভারগাল’-এর মতো একাধিক জনপ্রিয় তামিল ছবিতে এই দুই সুপারস্টার একসঙ্গে অভিনয় করেছিলেন। ১৯৭৯ সালে মুক্তি পায় তাঁদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি ‘আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম’। দীর্ঘ বিরতি কাটিয়ে দুই আইকনকে আবার একসঙ্গে দেখার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা।