বলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো চলচ্চিত্র ‘কৃষ ৪’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। বিশেষ করে ছবির বাজেট এবং নির্মাণে বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও এবার সেসব জল্পনার জবাব দিয়েছেন নির্মাতা রাকেশ রোশন।
সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ‘কৃষ ৪’ নির্মাণে বিশ্বমানের অ্যাকশন ও ভিএফএক্স নিশ্চিত করতে হৃতিক রোশন ৫০০ কোটি রুপির বাজেট চেয়েছেন। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট কমানোর পক্ষে অবস্থান নেওয়ায় প্রকল্পে জটিলতা তৈরি হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।
তবে এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাকেশ রোশন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হৃতিকের বাজেট দাবি কিংবা এ নিয়ে কোনো মতবিরোধের খবরের বাস্তবতা নেই। তার ভাষায়, এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ অযৌক্তিক।
রাকেশ রোশন জানান, বড় পরিসরের একটি চলচ্চিত্র নির্মাণে সময় লাগাটা স্বাভাবিক। ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তিগুলোও পর্যাপ্ত সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল। তাই নতুন সিনেমার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
ছবির নির্মাণে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, হৃতিক রোশনের ব্যস্ত কর্মসূচি এবং তার নতুন প্রযোজনা সংস্থার বিভিন্ন কাজের কারণেই সময়সূচিতে কিছু পরিবর্তন এসেছে। তবে এটিকে কোনো সংকট হিসেবে দেখার সুযোগ নেই।
রসিকতার সুরে রাকেশ বলেন, হৃতিক যেন নিজের একটি আলাদা জগতে ব্যস্ত। তাই সবাই তার সময়ের অপেক্ষায় আছেন। তবে প্রকল্পটির অগ্রগতি নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
উল্লেখ্য, ‘কৃষ ৪’-এর মাধ্যমে অভিনয়ের ২৫ বছর পূর্তির পর পরিচালক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন হৃতিক রোশন। ছবিটির তত্ত্বাবধানে থাকবেন রাকেশ রোশন ও আদিত্য চোপড়া।
গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করে রাকেশ রোশন জানান, তাদের সবচেয়ে উচ্চাভিলাষী এই প্রকল্পের মাধ্যমে নতুন ভূমিকায় দর্শকদের সামনে আসবেন হৃতিক। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ‘কৃষ ৪’ ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে কাজ চলছে।