বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) ও জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। সম্প্রতি জ্যাকি তাঁদের দাম্পত্য সম্পর্ককে মজার ছলে “situationship” (সিচুয়েশনশিপ) বলে মন্তব্য করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল শুরু হয়। এবার সেই রেশ ধরেই সম্পর্কের বিশ্বস্ততা, প্রতারণা (Cheating) এবং ক্ষমা করার মতো স্পর্শকাতর বিষয়ে খোলামেলা মুখ খুললেন রাকুল প্রীত সিং।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউব শো ‘দ্য বোম্বে জার্নি’র (The Bombay Journey) একটি বিশেষ পর্বে হাজির হয়েছিলেন রাকুল প্রীত সিং, সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সেখানে আড্ডার এক পর্যায়ে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা কখনও গ্রহণযোগ্য হতে পারে কি না, তা নিয়ে আলোচনা জমে ওঠে।
প্রশ্ন করা হলে রাকুল প্রীত শুরুতেই স্পষ্টভাবে বলেন, “না, প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া ঠিক নয়।” পাশে থাকা সারা আলি খানও সুর মিলিয়ে বলেন, “কমপক্ষে অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ (Sorry) তো করা উচিত, তবে এটা মোটেও ঠিক কাজ নয়।” তবে এই বিষয়ে একটু ভিন্ন ও বাস্তবসম্মত মত দেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি বলেন, “বিয়ের সম্পর্কের নিজস্ব কিছু জটিল নিয়ম থাকে। কোনো মানুষ যদি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে ক্ষমা চায়, তবে তাকে সুযোগ দেওয়া যেতেই পারে।”
এরপরই রাকুল প্রীত বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, “সবকিছু নির্ভর করে আসলে প্রতারণার মাত্রার ওপর। এটি যদি কারও অভ্যাসে পরিণত হয়, তবে আলাদা কথা।” তখন সারা পাল্টা প্রশ্ন করেন, “তাহলে কি জীবনে মাত্র একবার ভুল করলে সেটা মেনে নেওয়া যায়?” জবাবে রাকুল বলেন, “কেউ যদি জীবনে সত্যিই অসাবধানতাবশত একবার ভুল করে ফেলে, তবে জীবনের এত দীর্ঘ সময়ে একটা ভুলের জন্য তাকে ক্ষমা করাই যায়। তবে একটা কথা মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়!”
রাকুলের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে আয়ুষ্মান বলেন, “মানুষ তো ভুল করতেই পারে। আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন এবং সে অনুতপ্ত হয়, তবে জীবন অনেক দীর্ঘ, ক্ষমা করাই যায়।” অন্যদিকে সারা জানান, তিনি হয়তো ক্ষমা করতে পারবেন, কিন্তু সেই প্রতারণার কথা কখনও ভুলতে পারবেন না। তখন রাকুল সারাকে পরামর্শ দিয়ে বলেন, “যদি কাউকে মন থেকে সত্যিই ক্ষমা করা হয়, তবে একসময় সেই তিক্ত স্মৃতি ভুলেও যেতে হয়।”
জ্যাকির ‘Gen Z’ মন্তব্য ও রাকুলের শাস্তি! এই পুরো আলোচনার সূত্রপাত হয়েছিল কয়েক দিন আগে জ্যাকি ভাগনানির একটি মন্তব্যকে ঘিরে। ইউটিউব চ্যানেল ‘জিঙ্গাবাদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকি বলেছিলেন, “রাকুল আর আমি বিবাহিত হলেও আমাদের মনে হয় আমরা যেন একটা সিচুয়েশনশিপে আছি। অবশ্যই আমরা একে অপরের প্রতি শতভাগ একনিষ্ঠ, তবে আমাদের সম্পর্কের মূল সৌন্দর্য হলো আমি ওর সঙ্গে যেকোনো বিষয়ে মন খুলে কথা বলতে পারি।”
জ্যাকির এই Gen Z (জেন জি) স্ল্যাং ব্যবহার করা মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং অনেকেই সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। পরে ট্রোলের জবাব দিতে রাকুল একটি মজার ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, জ্যাকিকে কান ধরে দাঁড় করিয়ে রাকুল ধমকের সুরে বলছেন, “কতবার বলেছি, আমরা millennials (মিলিনিয়ালস)… জোর করে Gen Z হওয়ার দরকার নেই!” পাশে দাঁড়িয়ে থাকা জ্যাকি হেসে “সরি” বললে রাকুল মজা করে বলেন, “দেখলে তো, উল্টোপাল্টা বলে কী কাণ্ড হয়ে গেল!”
বক্স অফিসে ‘পতি পত্নি অউর ওহ দো’ উল্লেখ্য, রাকুল প্রীত সিং ও আয়ুষ্মান খুরানাকে সর্বশেষ দেখা গেছে ‘পতি পত্নি অউর ওহ দো’ (Pati Patni Aur Woh Do) ছবিতে। গত ১৫ মে মুক্তি পাওয়া এই ছবিতে আরও অভিনয় করেছেন সারা আলি খান ও ওয়ামিকা গাব্বি। এটি মূলত কার্তিক আরিয়ান ও ভূমি পেদনেকরের ‘পতি পত্নি অউর ওহ’ ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল। হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ভুল বোঝাবুঝি আর প্রাণবন্ত অভিনয়ে ভরপুর এই মেগা কমেডি ছবিটি দর্শকদের হাসাতে সফল হলেও, বক্স অফিসে এখনো আশানুরূপ ব্যবসা করতে পারেনি।