করোনাভাইরাস মহামারির সময় মানসিকভাবে কঠিন এক সময় পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা Ram Charan। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, লকডাউনের দীর্ঘ একাকীত্ব তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে শরীরচর্চা কিংবা শুটিংয়ে ফেরার মতো মানসিক শক্তিও হারিয়ে ফেলেছিলেন।

অভিনেতার ভাষ্য, করোনা পরিস্থিতিতে সবার মতো তিনিও মানসিক, শারীরিক ও আর্থিক চাপের মধ্য দিয়ে গেছেন। সে সময় তার অভিনীত RRR সিনেমার অর্ধেক শুটিং শেষ হয়েছিল এবং চরিত্রটির জন্য তিনি নিজের সেরা শারীরিক ফর্মে ছিলেন। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে যায়।

রাম চরণ জানান, লকডাউনের শুরুতে তিনি একটি আবাসনে থাকতেন। পরে স্ত্রী Upasana Kamineni-র সঙ্গে নতুন বাড়িতে ওঠেন। উপাসনা তখন হাসপাতালের জরুরি সেবার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আর তিনি দীর্ঘ সময় একা কাটাতেন।

অভিনেতা বলেন, মানুষের মৃত্যুর খবর ও চারপাশের ভয়াবহ পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। মাসের পর মাস একা থাকার কারণে তার চিন্তাভাবনাতেও পরিবর্তন আসে। তবে সেই কঠিন সময়েই পরিচালক S. S. Rajamouli-র সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন তাকে নতুনভাবে অনুপ্রাণিত করে এবং স্বাভাবিক জীবনে ফেরার সাহস জোগায়।