৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার ছবির প্রযোজক নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির দাবি, ছবিতে মূল বাল্মীকি রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে, যার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।
সংগঠনটির মুখপাত্র সতীশ কোচরেকর মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় এই অভিযোগ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘রামায়ণ’ কেবল বিনোদনের উপাদান নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ছবিতে রাবণকে দরিদ্রদের জন্য সোনার বাড়ি তৈরি করে দেওয়া, শোষিত মানুষের ত্রাণকর্তা এবং নারীর সম্মান রক্ষাকারী হিসেবে তুলে ধরে অযথা মহিমান্বিত করা হয়েছে। পাশাপাশি তাড়কা ও খর-দূষণের রাক্ষস সেনার সামনে অস্ত্রধারী রাম ও লক্ষ্মণকে ভীত হয়ে পিছিয়ে যেতে বা পালাতে দেখানো হলেও নিরস্ত্র রাবণকে একাই বিশাল বাহিনীর বিরুদ্ধে নির্ভয়ে লড়তে দেখানো হয়েছে বলে আপত্তি তুলেছে সংগঠনটি।
লক্ষ্মণের চরিত্র চিত্রায়ন নিয়েও কড়া আপত্তি জানিয়েছে হিন্দু জনজাগৃতি সমিতি। তাদের অভিযোগ, শূর্পণখার নাক কাটার প্রেক্ষাপটে সীতাকে লক্ষ্মণকে ভর্ৎসনা করতে দেখা গেছে এবং রামকে খর ও দূষণের কাছে ক্ষমা চাইতে দেখানো হয়েছে যা মূল রামায়ণে নেই। এ ছাড়া লক্ষ্মণকে উদ্ধত ও গুরুজনদের উপহাসকারী হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর দায়ের, সংলাপ ও দৃশ্যের প্রমাণ সংরক্ষণ এবং বিশেষজ্ঞ পণ্ডিতদের মতামত নেওয়ার দাবি জানানো হয়েছে; অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে নানা বিতর্কের মাঝেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে ছবিটি মুক্তির ১৯ দিনে ভারতে ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি এবং বিশ্বজুড়ে মোট ১,৭০৪ কোটি ৬৫ লাখ রুপি আয় করেছে রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে ও যশ অভিনীত এই ছবি।