রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।
বিশেষজ্ঞদের মতে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ কেবল ব্যক্তিগত অপরাধপ্রবণতার ফল নয়। দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ও এ ধরনের ঘটনার পেছনে বড় ভূমিকা রাখে বলে তারা মনে করেন। তাদের বিশ্লেষণে মাদকাসক্তির বিস্তার, বিকৃত অনলাইন কনটেন্টের সহজলভ্যতা, পরিবার ও শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতি এবং অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
এরই মধ্যে আলোচিত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী Apu Biswas। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রামিসার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, একজন মা হিসেবে এই ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন নৃশংসতার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়।
পল্লবীর এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।