রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। তবে এক সময় এই কালজয়ী চরিত্রে অভিনয়ের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে নিজেই সেই অজানা গল্প শোনালেন রণবীর। সেই সঙ্গে জানালেন, কোন জাদুবলে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলে ‘মর্যাদা পুরুষোত্তম’ হতে রাজি হলেন তিনি।
শুরুতে কেন ‘না’ বলেছিলেন রণবীর? মঙ্গলবার নিউ ইয়র্কে ‘রামায়ণ’-এর এক বিশেষ ইভেন্টে পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। সেখানে অভিনেতা অকপটে স্বীকার করেন, চার বছর আগে যখন প্রথম তাঁর কাছে এই চরিত্রের প্রস্তাব আসে, তখন তিনি স্রেফ ‘না’ বলে দিয়েছিলেন। রণবীর বলেন, “আমি তখন ভাবছিলাম, আমি এই চরিত্রের জন্য যথেষ্ট ফিট নই বা যথেষ্ট ভালো নই। মনে হয়েছিল, এই মহাকাব্যিক চরিত্রের প্রতি আমি পূর্ণ ন্যায়বিচার করতে পারব না।”
সিদ্ধান্ত বদলের নেপথ্যে কন্যা ‘রাহা’ ভয় থেকে এই চরিত্রে অভিনয়ের সাহস পাওয়ার পেছনে রণবীরের ব্যক্তিগত জীবনের এক বড় পরিবর্তনের ভূমিকা রয়েছে। অভিনেতা জানান, ঠিক যে সময় তিনি রামের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে পুনরায় ভাবছিলেন, সেই সময়ই তিনি প্রথমবার বাবা হতে যাচ্ছিলেন। ২০২২ সালের নভেম্বরে রণবীর-আলিয়া দম্পতির কোল আলো করে আসে কন্যা রাহা। রণবীরের ভাষায়, “আমি তখন জীবনে পরিবর্তন চাইছিলাম। ভগবান রামের চরিত্রে অভিনয় আর বাবা হওয়ার এই ব্যক্তিগত অভিজ্ঞতা, দুটোর মিল আমার জীবনের বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।”
মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি এই চরিত্রের জন্য রণবীর নিজেকে কেবল শারীরিকভাবেই তৈরি করেননি, বরং মানসিক ও আধ্যাত্মিকভাবেও এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তিনি জানান, রামায়ণ নতুন করে দেখার মাধ্যমে তাঁর প্রস্তুতি শুরু হয়েছিল। রণবীর বলেন, “ভগবান রামের চরিত্রে অভিনয় করতে হলে সেটাকে শুধু অভিনয় নয়, ভেতর থেকে অনুভব করতে হয়।”
‘রামায়ণ’ নিয়ে লেটেস্ট আপডেট: নিশতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টে রণবীরের সঙ্গে রাবণের চরিত্রে থাকছেন কন্নড় সুপারস্টার ইয়াশ, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। সিনেমার আবহ সংগীতে থাকছেন বিশ্বখ্যাত হ্যান্স জিমার ও অস্কারজয়ী এ আর রহমান। ‘রামায়ণ’ পার্ট ১ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের অক্টোবর মাসে, দীপাবলির ঠিক আগে। এছাড়া আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে সিনেমার নতুন একটি ঝলক প্রকাশের জোর গুঞ্জন রয়েছে।