বিতর্কিত গান ‘টাটিরি’-র মাধ্যমে নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। হরিয়ানা নারী কমিশন তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এফআইআর দায়েরের পাশাপাশি পাসপোর্টও জব্দ করেছে। গত ১৩ মার্চের মধ্যে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় সংগঠনটি তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
গত ১ মার্চ মুক্তি পাওয়া ‘টাটিরি’ গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে শুরু থেকেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইছে। অভিযোগ উঠেছে, গানে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে এবং মিউজিক ভিডিওতে স্কুলছাত্রীদের নিয়ে যৌন ইঙ্গিতমূলক নাচের দৃশ্য রাখা হয়েছে। হরিয়ানা নারী সংগঠনের সভাপতি রেণু ভাটিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “গানে যেভাবে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে।”
বাদশা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও সশরীরে হাজিরা না দেওয়াকে কমিশনের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, হরিয়ানার মাটিতে বাদশাকে আর কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। রেণু ভাটিয়ার মতে, শিল্পীদের এই ধরনের অবমাননাকর কর্মকাণ্ড রোধে গৃহীত এই পদক্ষেপ অন্য শিল্পীদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এর আগেও বিভিন্ন সময়ে গানের কথা নিয়ে বিতর্কে জড়ালেও এবারের ঘটনা বাদশার ক্যারিয়ারে বড় ধরনের সংকট তৈরি করেছে।