সাধারণত রোমান্টিক কিংবা গ্ল্যামারাস চরিত্রেই পর্দায় বেশি দেখা মেলে দক্ষিণ ভারতীয় ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার। তবে এবার আর কোনো মিষ্টি প্রেমিকা নয়, বরং পর্দায় সম্পূর্ণ বিধ্বংসী ও অ্যাকশন অবতারে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তাঁর নতুন সিনেমা ‘মাইসা’র বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রাশমিকাকে এক গোণ্ড জনগোষ্ঠীর নারীর ভূমিকায় দেখা গেছে, যিনি জীবনের নানা প্রতিকূলতার সাথে লড়াই করে নিজের পথ তৈরি করেন। গত রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে দেখা যায়, হাতে কাস্তে নিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া, লাথিতে ঘাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে বাইক চালানো কিংবা পানির নিচে তীব্র লড়াই সব ধরনের ধুন্ধুমার অ্যাকশনে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। চরিত্রটির জন্য কঠোর শারীরিক পরিশ্রমের পাশাপাশি দৃশ্যধারণের সময় তাঁর টেনডন ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক শারীরিক চোটও সহ্য করতে হয়েছিল।
টিজার প্রকাশের পর ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে দর্শকেরা তাঁর এই পরিশ্রম ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। গ্ল্যামার ছাপিয়ে রাশমিকার এই শক্তিশালী পারফরম্যান্স নজরে আসার পর অনেকে মন্তব্য করছেন ‘নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত’। আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম এই পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।