ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ব্যস্ত শুটিং, এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ কিংবা টানা কাজের চাপ, সবকিছুর মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখার চেষ্টা করেন দক্ষিণী এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন ও জীবনযাপনের অভ্যাস নিয়ে কথা বলেছেন তিনি।
রাশমিকার মতে, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়। বরং প্রতিদিনের কাজ সামলানোর জন্য পর্যাপ্ত শক্তি এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাও এর গুরুত্বপূর্ণ অংশ।
নিজের ফিটনেস রুটিন সম্পর্কে রাশমিকা জানান, নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট করেন তিনি। পাশাপাশি খাবারের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখেন। স্বাস্থ্যকর ও পরিমিত খাবারের সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং শরীরের রিকভারির জন্য প্রয়োজনীয় বিশ্রামকেও গুরুত্ব দেন এই অভিনেত্রী।
রাশমিকার ভাষায়, ফিট থাকা মানে তার কাছে শুধু দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার মতো শক্তি এবং সঠিক মানসিকতা ধরে রাখাই তার কাছে প্রকৃত ফিটনেস।
ফিটনেসের পাশাপাশি পোশাকের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেন রাশমিকা। দৈনন্দিন জীবনে তার পছন্দের তালিকায় রয়েছে ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স ও ডেনিম। এসবের সঙ্গে সাধারণত ক্যাপ এবং খুব কম অ্যাকসেসরিজ রাখেন তিনি।
বিশেষ করে বিমানবন্দরের পোশাকে তার পছন্দ বেশ সাদামাটা ও আরামদায়ক। এমন পোশাকই বেছে নেন, যাতে সহজে চলাফেরা করা যায় এবং দীর্ঘ ভ্রমণেও অস্বস্তি না হয়।
রাশমিকার মতে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে সব সময় ট্রেন্ড অনুসরণ করার চেয়ে নিজের কমফোর্ট ও ব্যক্তিগত পছন্দকেই বেশি গুরুত্ব দেন তিনি।