আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করতে আবারও বিশ্বমঞ্চে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ পেয়ে নিজের জনপ্রিয়তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন এই ‘ন্যাশনাল ক্রাশ’।

এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ হিসেবে রাশমিকার সাথে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি বিশ্বজুড়ে ‘দ্য উইকেন্ড’ (The Weeknd) নামে পরিচিত। আন্তর্জাতিক এই দুই তারকার উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করবে। সম্প্রতি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা; দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে হানিমুন সেরে দ্রুতই কর্মব্যস্ততায় ফিরেছেন এই অভিনেত্রী।

পেশাদার জীবনেও বর্তমানে বেশ সুসময় পার করছেন রাশমিকা। তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। তাঁর হাতে থাকা প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যা আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং আরও রয়েছেন কৃতি শ্যানন। এ ছাড়া চলতি বছর তাঁর অভিনীত দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে দারুণ ছন্দে আছেন এই তারকা।