ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ‘জাতীয় ক্রাশ’ খ্যাত রাশমিকা মানদানার ভক্তদের জন্য এলো উদ্বেগজনক খবর। শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামের দুটি গুরুত্বপূর্ণ সিনেমার কাজ। এর মধ্যে একটি ছবির শুটিং চলাকালেই দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, আঘাতের কারণে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন ও উচ্চমাত্রার শারীরিক কার্যক্রমের মধ্যে থাকেন।

সূত্রের দাবি, সিনেমার একটি দৃশ্যের জন্য রাশমিকা নাচ এবং অ্যাকশন সিকোয়েন্সের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় কঠিন শারীরিক কসরত করতে গিয়েই তিনি আহত হন। ফলে আপাতত তার চলমান কাজগুলোও প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যদিও দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা মানদানা। তার টিম থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশমিকার আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘মাইসা’ বিশেষভাবে আলোচনায় রয়েছে। রবীন্দ্র পুল্লে পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিজয় দেবারাকোন্ডা।

উল্লেখ্য, বিজয় দেবারাকোন্ডার সঙ্গে এর আগেও ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল সিনেমায় কাজ করেছেন রাশমিকা। এই জুটির নতুন সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

তবে সাম্প্রতিক এই চোটের কারণে শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভক্তরা এখন অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।