কন্যা রাহার প্রতি অভিনেতা রণবীর কাপুরের দায়িত্বশীল ও যত্নশীল আচরণের প্রশংসায় মেতেছেন তাঁর শাশুড়ি ও প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান। বর্তমান প্রজন্মের পিতামাতাদের আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ও সন্তানদের প্রতি দায়িত্ববান বলে অভিহিত করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সোনি রাজদান জানান, আগের দিনে সন্তানদের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া বা দায়িত্ব ভাগাভাগি করার বিষয়টি অতটা গুরুত্ব পেত না এবং অভিভাবকত্বের পুরো দায়িত্ব প্রায়শই মায়ের ওপরেই বর্তাত। কিন্তু বর্তমান যুগের বাবাদের সন্তানদের পেছনে সময় দেওয়ার দৃষ্টিভঙ্গি দেখে তিনি অভিভূত। জামাতা রণবীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন বাবা হিসেবে রণবীর অত্যন্ত দুর্দান্ত এবং আালিয়া ভাটকে সবসময় আগলে রেখে চমৎকার সমর্থন যুগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর একই বছর কন্যাসন্তান রাহাকে স্বাগত জানান রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া প্রকাশ করেছেন যে, রাহার জন্মের পর রণবীরের জীবনধারায় বড় পরিবর্তন এসেছে এবং শুটিং শেষ করেই তিনি দ্রুত বাড়ি ফিরে মেয়ের সাথে সময় কাটাতে পছন্দ করেন।