গেল ফেব্রুয়ারিতেই উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডারাশমিকা মান্দানা। তাদের বিয়ে ও পরবর্তী আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। বিয়ের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে মন্দিরে পূজাও দেন এই তারকা দম্পতি। আর এরই মধ্যে ‘দুই থেকে তিন’ হওয়ার ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করেন রাশমিকা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমরা এখন তিন” আর এতেই শুরু হয় জল্পনা। ভক্তদের অনেকেই ধরে নেন, হয়তো মা-বাবা হতে চলেছেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যাও বয়ে যায়।

তবে বিষয়টি ঘিরে বিভ্রান্তিও কম হয়নি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটি কি সত্যিই ব্যক্তিগত সুখবর, নাকি অন্য কোনো ইঙ্গিত? এমনকি কিছু ভক্ত তুলনা টানেন আলিয়া ভাট এর সঙ্গেও, যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের খবর দিয়েছিলেন।

আসলে পুরো বিষয়টির ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। রাশমিকা তার পোস্টে ‘টেরিবলি টাইনি টেলস’ নামের একটি প্ল্যাটফর্মকে ট্যাগ করেন, যা অ্যানিমেটেড গল্প তৈরির জন্য পরিচিত। ভিডিওতে দেখা যায়, রাশমিকা ও বিজয়ের সঙ্গে একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেশন চরিত্র।

জানা গেছে, রাশমিকা আগে থেকেই ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা পেজ চালু করেছিলেন, যেখানে ‘রু’ নামের সূর্যমুখী চরিত্রটি ছিল। এবার সেই জগতে নতুনভাবে যুক্ত হয়েছেন বিজয়। অর্থাৎ “আমরা এখন তিন” এই বার্তাটি মূলত তাদের অ্যানিমেটেড কনটেন্টের নতুন সংযোজনকে ইঙ্গিত করছে, বাস্তব জীবনের সন্তানের খবর নয়।

রাশমিকা নিজেও অ্যানিমে ও সৃজনশীল কনটেন্টে আগ্রহী। এই উদ্যোগের মাধ্যমে তিনি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান বলেও আগেই জানিয়েছেন। ফলে ভক্তদের একাংশ ভুল বোঝে শুভেচ্ছা জানালেও, বিষয়টি আসলে একটি নতুন সৃজনশীল প্রজেক্টের অংশ বলেই স্পষ্ট হচ্ছে।