দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জয়ম রবি (রবি মোহন) ও তাঁর সাবেক স্ত্রী আরতি রবির বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণ নিয়ে চলমান বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। আরতি প্রতি মাসে ৪০ লাখ রুপি খোরপোষ দাবি করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর মা ও প্রযোজক সুজাতা বিজায়াকুমার। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় এবং এই অর্থ আরতির ব্যক্তিগত কোনো খরচের জন্য দাবি করা হয়নি। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
সুজাতা দাবি করেন, রবি মোহন পরিবারটিকে বিপুল অঙ্কের ঋণের বোঝার মুখে ফেলে রেখে গেছেন। এমনকি ব্যাংক থেকে ঘরের ওপর বাজেয়াপ্তির (জব্দ) নোটিশ পর্যন্ত জারি করা হয়েছে। বর্তমানে দুই সন্তান আরভ ও আয়ানের পড়াশোনার খরচ, টিউশন ফি ও খাবার জোগাড় করতেই তাঁদের হিমশিম খেতে হচ্ছে। আদালত ইতিমধ্যেই রবিকে সন্তানদের বার্ষিক ৮৬ লাখ রুপি স্কুলের খরচসহ প্রতি মাসে আরতিকে ৩ লাখ এবং দুই ছেলেকে ১ লাখ করে মোট ৫ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সন্তানদের সঙ্গে রবিকে দেখা করতে দেওয়া হয় না এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন সুজাতা। তিনি জানান, আরতি নিজেই আদালতে আবেদন করেছিলেন যেন সন্তানরা বাবার সান্নিধ্য পায়। তবে পূর্ববর্তী সাক্ষাৎগুলো একজন ‘হিলার’-এর উপস্থিতিতে হওয়ার কথা থাকায় সন্তানরা কিছুটা অস্বস্তি বোধ করছিল, যার কারণে তারা দেখা করতে দ্বিধা প্রকাশ করে। মা হিসেবে আরতি কখনোই সন্তানদের বাবা থেকে আলাদা রাখতে চাননি।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে আরতির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন রবি মোহন। তবে এবার আদালতের মাধ্যমে সমস্যার সমাধান হলে চলতি মাস থেকেই পরিবারে আবার শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন আরতির মা।