“মনে রাইখো! দম থাকলে ঠেকায় কে?” এমনই এক দাপুটে বারতা নিয়ে প্রকাশ্যে এলো নির্মাতা রেদওয়ান রনি’র বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দম’-এর অফিশিয়াল টিজার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
দীর্ঘ বিরতি ভেঙে রেদওয়ান রনি ফিরছেন বড় পর্দায়, আর তার প্রত্যাবর্তনের এই আভাস দর্শকদের মাঝে নতুন করে আগ্রহের জন্ম দিয়েছে। টিজারের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা আর বাস্তবধর্মী এক গল্পের ছোঁয়া। নির্মাতা আগেই জানিয়েছিলেন, এক অদম্য লড়াইয়ের সত্য কাহিনী নিয়ে সেলুলয়েডে আসছে ‘দম’।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ঈদুল ফিতর ২০২৬-এ দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। টিজার প্রকাশের মাধ্যমে সেই আনুষ্ঠানিক ঘোষণাই দেওয়া হলো। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট ও নির্মাণশৈলী দর্শকদের নতুন এক অভিজ্ঞতার স্বাদ দেবে বলে ধারণা করা হচ্ছে।
টিজারটি মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের মাঝে প্রশ্ন দানা বাঁধছে কে থাকছেন প্রধান চরিত্রে? তবে নির্মাতা এখনই সব রহস্য প্রকাশ করতে নারাজ। বড় পর্দার এই লড়াই দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের ঈদ পর্যন্ত।