বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তী অবশেষে দীর্ঘ আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন। বিশেষ এনডিপিএস আদালত তাদের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন।

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর মাদক সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও শৌভিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছিল।

প্রায় চার বছর পর আদালত পর্যবেক্ষণ করেন, অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে এনসিবি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেনি। ১৯৮৫ সালের এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্ধারিত নিয়ম না মানায় সেই সিদ্ধান্তকে বৈধ বলে গণ্য করা যায়নি।

রিয়া ও শৌভিকের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, আইনি প্রক্রিয়া লঙ্ঘন করেই অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। নথিপত্র পর্যালোচনার পর আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। ফলে এখন থেকে তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

এই আদালতের সিদ্ধান্ত রিয়া চক্রবর্তীর জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।