কন্নড় অভিনেতা ঋষভ শেঠিকে এবার দেখা যাবে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে। ভূষণ কুমার ও সন্দীপ সিংয়ের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে দুই পর্বের ঐতিহাসিক সিনেমা ‘দ্য প্রাইড অব ভারত, ছত্রপতি শিবাজি মহারাজ’। এতে শিবাজির জীবন, সামরিক কৌশল, ঐতিহাসিক বিজয় এবং স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন তুলে ধরা হবে।
সিনেমাটিতে শিবাজি মহারাজের জীবনের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও তুলনামূলক কম পরিচিত অধ্যায়গুলোও স্থান পাবে। প্রকল্পটির সঙ্গে যুক্ত হওয়ার স্মারক হিসেবে প্রযোজক ভূষণ কুমার ঋষভ শেঠিকে শিবাজি মহারাজের একটি শতবর্ষী চিত্রকর্ম উপহার দিয়েছেন। ভূষণ কুমারের মতে, ঋষভের শক্তিশালী পর্দা উপস্থিতি ও অভিনয়দক্ষতা কিংবদন্তি এই চরিত্রকে দর্শকদের সামনে জীবন্ত করে তুলবে।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে। সন্দীপ সিংয়ের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ঋষি বিরমানি ও সন্দীপ সিং। টি-সিরিজ ফিল্মস ও লিজেন্ড স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই ঐতিহাসিক চলচ্চিত্র। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও কৃষাণ কুমার।