আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণমাধ্যমের সামনে নিজের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।

রিজিয়া পারভীন জানান, তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন এবং দীর্ঘদিন সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে এসে দেশের মানুষের জন্য কাজ করতে চান। তিনি বলেন, নারীদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য, পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও তিনি ভূমিকা রাখতে চান।

তিনি আরও জানান, নিজের এলাকায় ইতোমধ্যে কিছু সামাজিক কাজ করেছেন এবং মনোনয়ন পেলে নারী অধিকার ও সাংস্কৃতিক খাতকে অগ্রাধিকার দেবেন।

সংগীত অঙ্গন থেকে রাজনীতির অঙ্গনে এই নতুন যাত্রা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।