এক দশকেরও বেশি সময় ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম প্রধান মুখ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। টনি স্টার্ক ওরফে ‘আয়রন ম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি মার্ভেল ফ্র্যাঞ্চাইজিকে শক্তিশালী ভিত্তি গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
‘আয়রন ম্যান’ চরিত্রের বিদায়ের প্রায় সাত বছর পর আবারও মার্ভেল ইউনিভার্সে ফিরছেন এই অভিনেতা। তবে এবার কোনো সুপারহিরো হিসেবে নয়, বরং মার্ভেলের অন্যতম শক্তিশালী খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ডিজনি ফ্যান ইভেন্টে নিজের নতুন চরিত্র নিয়ে কথা বলেন রবার্ট ডাউনি জুনিয়র। সেখানে তিনি জানান, বর্তমানে ‘আয়রন ম্যান’-এর চেয়ে ‘ডক্টর ডুম’ চরিত্রটিই তাঁর বেশি পছন্দের। কারণ, এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে সহঅভিনেতাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার পাশাপাশি একেবারে নতুন ধরনের অভিনয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন তিনি।
অ্যান্টনি ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মার্ভেল ইউনিভার্সের একাধিক সুপারহিরোকে। সিনেমাটির গল্প শুধু একটি নির্দিষ্ট পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মাল্টিভার্সে।
সিনেমাটিতে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে অভিনয় করছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন, চ্যানিং ট্যাটাম ও প্যাট্রিক স্টুয়ার্টের মতো তারকারা।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। একই দিনে ডেনিস ভিলনভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডুন ৩’ মুক্তির কথা থাকায় বছরের শেষ দিকে বক্স অফিসে দুই বড় ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।