এক সময় সংগীতজগতের জনপ্রিয় দম্পতি ছিলেন রবি চৌধুরীডলি সায়ন্তনী। ভালোবেসে গড়া তাদের সংসার হঠাৎ করেই ভেঙে যাওয়ায় বিস্মিত হয়েছিলেন ভক্তরা। দীর্ঘ সময় নীরব থাকার পর সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিজীবনের সেই টানাপড়েন ও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন রবি চৌধুরী।

‘প্রেম দাও’ খ্যাত এই গায়ক জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের সূত্রপাত। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি ডলির পরিবারের একজন অভিভাবককে ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের কোনো আত্মীয় নেই। এই ঘটনার পর সন্দেহ আরও জোরালো হয় বলে দাবি করেন রবি।

রবি চৌধুরীর ভাষ্য অনুযায়ী, কোরিয়ায় অবস্থানকালে ‘বিপ্লব’ নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, যিনি সে সময় তাদের গাড়িচালক ছিলেন। পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে ডলির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর ডলি নাকি ওই ব্যক্তিকে ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দিয়েছিলেন এমন দাবিও করেন রবি।

গায়কের বক্তব্য, পরবর্তী সময় কিছু ঘটনার মাধ্যমে তার সন্দেহ আরও দৃঢ় হয়। শেষ পর্যন্ত পারিবারিক আলোচনা ও যাচাই-বাছাইয়ের পর তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কয়েক মাস পর ডলির একটি গ্রামে যাওয়ার ঘটনাও সে সময় আলোচনার জন্ম দেয় বলে জানান রবি।

তবে এ বিষয়ে ডলি সায়ন্তনীর পক্ষ থেকে ভিন্ন কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তা স্পষ্ট নয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই বিচ্ছেদ এখনো সংগীতপ্রেমীদের মনে প্রশ্ন জাগায়। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও ভুল বোঝাবুঝিই কি ছিল ভাঙনের মূল কারণ, নাকি আরও কিছু তা হয়তো কেবল সংশ্লিষ্ট দুজনই ভালো জানেন।