আন্তর্জাতিক অঙ্গন ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমন এর বহুল প্রতীক্ষিত সিনেমা রইদ। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশনএর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির প্রথম গান প্রকাশের ঘোষণা দেওয়া হয়। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের এই গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। গানটির সংগীত পরিচালনা, মিক্স ও মাস্টারিংয়ের কাজ করেছেন রাশীদ শরীফ শোয়েব, আর অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল স্টুডিও কাউবেল

পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, ‘রইদ’ মূলত এক সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের গল্প, যেখানে প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির গভীরতা উঠে আসবে ভিন্নধর্মী আঙ্গিকে। তার বিশ্বাস, গানের আবহের মতোই সিনেমাটির গল্পও দর্শকের হৃদয়ে দাগ কাটবে।

গানটির সৃষ্টির অভিজ্ঞতা জানিয়ে রাজীব আহমেদ রাজু বলেন, এই গানের নাম আগে নির্ধারণ করা হলেও পরে সুর ও কথা তৈরি হয়েছে। পরিচালকের ভাবনা ও অনুভূতি থেকেই গানটির জন্ম, যা প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল।

এদিকে সিনেমাটির অন্যতম অভিনেত্রী নাজিফা তুষি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, কোভিডের আগের সময় থেকে শুরু করে দীর্ঘ প্রস্তুতির প্রতিটি ধাপ তিনি কাছ থেকে দেখেছেন। বিশেষ করে সিলেটে শূন্য থেকে একটি লোকেশন তৈরি করা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ তার জন্য ছিল অনন্য অভিজ্ঞতা

উল্লেখ্য, বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম এর ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছিল ‘রইদ’। বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।