চার দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে দাপটের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী ২০২৩ সালে নিজের পরিচালিত প্রথম সিনেমা ফিরে দেখা মুক্তি দেন, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। এবার তিনি তার দ্বিতীয় পরিচালিত সিনেমা এখনই সময় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
রোজিনা জানান, সিনেমাটির গল্প লিখেছেন প্রখ্যাত নির্মাতা ও কাহিনিকার ছটকু আহমেদ। তার ভাষায়, এই গল্প আমাদের সময়, সমাজ এবং জীবনেরই প্রতিচ্ছবি যেখানে প্রেম, ভালোবাসা এবং বাস্তবতার নানা দিক উঠে আসবে। পাশাপাশি সিনেমাটিতে যৌতুকবিরোধী একটি শক্তিশালী বার্তাও থাকবে।
তিনি আরও বলেন, বাজেট পরিকল্পনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুটিং শুরু করার আশা করছেন। তবে অভিনয়শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে নিজের জন্মদিন নিয়েও কথা বলেন রোজিনা। পরিবারকে ঘিরেই দিনটি উদযাপন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন সুস্থ থেকে আরও ভালো গল্পের সিনেমা দর্শকদের উপহার দিতে পারেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে রাজমহল সিনেমার মাধ্যমে বড় পর্দায় উল্লেখযোগ্য সাফল্য পান রোজিনা, যেখানে তিনি অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক ওয়াসিম এর বিপরীতে। পরবর্তীতে ‘কসাই’, ‘জীবনধারা’ ও ‘দিনকাল’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।