‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমা ‘জলপবন’-এর কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থান করছেন তিনি। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ, যা পুরো মাসজুড়েই চলবে।

‘জলপবন’-এ হাওর অঞ্চলের মানুষের জীবন, তাদের সংগ্রাম ও প্রতীক্ষার গল্প তুলে ধরা হবে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।

সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। অন্য শিল্পীদের নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন রুনা।

এদিকে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’। এছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।