উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত হয়েছেন। সংগীতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

আগামী ৪ মে প্রখ্যাত ভারতীয় নির্মাতা ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণন উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজন চলবে ৮ মে পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা আন্তর্জাতিক চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।

উৎসবটি আয়োজনের পেছনে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস। ফলে আয়োজনটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রুনা লায়লা গভীর আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং এমন একটি সম্মান গ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উৎসবটির সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা এর আগে পেয়েছেন শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুর এর মতো বরেণ্য ব্যক্তিত্বরা। এবার রুনা লায়লাকে এই সম্মাননায় ভূষিত করায় উৎসবটির মর্যাদা আরও বেড়েছে বলে মনে করছেন আয়োজকরা।