দীর্ঘ ছয় দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনের পথচলায় প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীত পরিবেশনায় হাজির হতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ২৪ জুলাই রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা’ শীর্ষক এই বিশেষ সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কিছু কালজয়ী গান পরিবেশন করবেন এই প্রখ্যাত শিল্পী।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, মহৎ এই আয়োজনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে প্রথম শ্রেণি ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণি ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিট পাওয়া যাবে ২ হাজার টাকায়। টিকিট বিক্রির মাধ্যমে সংগৃহীত সমুদয় অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
কনসার্টের টিকিট আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে সরাসরি সংগৃহীত করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।