সামাজিক যোগাযোগমাধ্যমে স্পয়লার বা গোপন দৃশ্য ছড়িয়ে পড়া রুখতে অনুরাগীদের প্রতি এক আবেগঘন আহ্বান জানিয়েছেন হলিউডের প্রখ্যাত পরিচালক জুটি রুশো ব্রাদার্স (অ্যান্থনি ও জো রুশো)। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর পুনঃমুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে বেশ কিছু এক্সক্লুসিভ ফুটেজ, যা মার্ভেলের আসন্ন বিগ বাজেট চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগ উন্মোচন করে দিয়েছে। মার্ভেল স্টুডিও ইতিমধ্যেই এসব ফাঁস হওয়া ভিডিও অপসারণের কাজ শুরু করলেও ভক্তদের সারপ্রাইজ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন এই দুই পরিচালক।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রুশো ব্রাদার্স জানান, "অ্যাভেঞ্জার্স এন্ডগেম: এনকোর-এ নতুন কিছু সারপ্রাইজ রয়েছে। দয়া করে সেগুলো অন্যদের কাছে ফাঁস করবেন না। আপনার মতো অন্যদেরও প্রেক্ষাগৃহে গিয়ে এই রোমাঞ্চ উপভোগ করার সুযোগ দিন।" এর পাশাপাশি ২০১৯ সালে সিনেমাটির প্রথম প্রদর্শনীতে প্রেক্ষাগৃহে বসে হাজারো দর্শকের চিৎকার, আনন্দ আর কান্নার সাক্ষী হওয়ার আবেগঘন স্মৃতিও রোমন্থন করেন তাঁরা। যাঁরা কেবল ঘরের লিভিংরুমে ছোট পর্দায় ছবিটি দেখেছেন, তাঁদের জন্য প্রেক্ষাগৃহে গিয়ে বড় পর্দায় এই সিনেমা দেখার অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন যোগ করা চার মিনিটের অতিরিক্ত ফুটেজে ডক্টর ডুম, ব্রুস ব্যানার, লোকি, স্টিভ রজার্স ও পেগি কার্টারের দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে। একটি দৃশ্য ডক্টর ডুম ও হাল্কের রহস্যময় সাক্ষাৎকে ঘিরে, যেখানে ব্যাকগ্রাউন্ডের সবুজ আলো ও লাটভেরিয়ান প্রতীক ডুমের পরবর্তী পরিকল্পনার ইঙ্গিত দেয়। অন্য এক দৃশ্যে লোকির টিভিএ (TVA) ইউনিফর্মে স্টিভ রজার্স ও পেগির মুখোমুখি হওয়া এবং বহু মহাবিশ্বের (Multiverse) ধ্বংসের চিত্র দেখা গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র পূর্বপ্রস্তুতি হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই নতুন সংষ্করণ নিয়ে ইতোমধ্যেই মার্ভেল ভক্তদের মাঝে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে।