শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পরিচিতি পাওয়া সাবরীন সাকা মিম বড় হয়েও জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। তবে ক্যারিয়ারের ব্যস্ত সময়ে হঠাৎ অভিনয় থেকে সরে যান তিনি। সম্প্রতি সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের পডকাস্ট ‘পুতুলঘরে আত্মকথন’-এ অভিনয় ছাড়ার কারণ, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন মিম।

খুব শখ করে বিয়ে করেছিলেন মিম। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বছরের মাথায় স্বামীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মিম বলেন, ‘খুব শখ করে বিয়ে করেছিলাম। সবকিছু সুন্দরভাবে চালানোর চেষ্টাও ছিল। আমার যিনি পার্টনার ছিলেন, তাঁরও চেষ্টা ছিল। কিন্তু একসময় বুঝতে পারলাম, আসলে হবে না।’

দাম্পত্য ভাঙনের জন্য কাউকে এককভাবে দায়ী করতে চান না মিম। তাঁর ভাষায়, ‘কাউকে দোষ দেব না। হয়তো আমিও দোষী, সে-ও দোষী। এক হাতে তো তালি বাজে না।’

সংসার টিকিয়ে রাখতে শ্বশুরবাড়ির ইচ্ছাকে সম্মান জানিয়ে ক্যারিয়ারের ভালো সময়ে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন মিম। তবে সেই সিদ্ধান্তও শেষ পর্যন্ত সংসার ধরে রাখতে পারেনি। অভিনয় ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটা মানুষেরই নিজস্ব পছন্দ-অপছন্দ থাকে। তাঁদের পছন্দকে সম্মান জানিয়েছিলাম। এ নিয়ে অনেক সময় মন খারাপ হয়েছে, কিন্তু খুব বেশি কথা বলিনি।’

বিচ্ছেদের সময় বাবা-মা ও বোনের কাছ থেকে ব্যাপক মানসিক সমর্থন পেয়েছিলেন মিম। পরে পরিবারের সঙ্গে প্রায় আড়াই মাস যুক্তরাষ্ট্রেও কাটান তিনি।

২০১২ সালের পর অভিনয় ছেড়ে ২০১৩ সালে সংবাদ উপস্থাপক হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন মিম। তবে ২০২০ সালের করোনা মহামারির সময় মা-বাবার নিরাপত্তার কথা ভেবে সেখান থেকেও সরে দাঁড়ান।

দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও দর্শকের ভালোবাসা এখনো তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। মিম বলেন, ‘এখনও কত মানুষ আমাকে পর্দায় খুঁজে বেড়ায়! তারা ভাবে সেই মীম কোথায় চলে গেল? কেন হারিয়ে গেল? আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি দুটি প্রথমত আমার পরিবার, আর দ্বিতীয়ত মানুষের ভালোবাসা।’

জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে মিম বলেন, ‘যেটা হয়নি, সেটা ভাগ্যে ছিল না। যা হয়েছে, তাই আমি মেনে নিয়েছি।’