ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয়ের দক্ষতাতেই সীমাবদ্ধ নন, সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়েও তিনি অত্যন্ত সোচ্চার। যেকোনো ইতিবাচক পরিবর্তনকে যেমন স্বাগত জানান, তেমনি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিপক্ষে মতামত প্রকাশ করতেও পিছপা হন না। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করা ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানিয়ে আলোচনা সৃষ্টি করেছেন তিনি। 

গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বিআরটিসি রাজধানীর ১৩টি রুটে এই বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে সাদিয়া আয়মান লিখেছেন, “সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।”

তিনি আরও আহ্বান জানান, “আমাদের উচিত এই কিউট, 'পুকি' গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।” সংকীর্ণ মানসিকতা দূরে ঠেলে এ ধরনের নারীভিত্তিক উদ্যোগগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার জন্য অনুরাগী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এই অভিনেত্রী।