কবি জীবনানন্দ দাশ এর কালজয়ী কবিতা বনলতা সেন অবলম্বনে নির্মিত চলচ্চিত্র বনলতা মুক্তির পর থেকেই দর্শক সমালোচকদের আলোচনায় রয়েছে। এবার সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান

এক সংবাদ সম্মেলনে সাদিয়া বলেন, সিনেমাটি দেখার পর তিনি নির্মাতা উজ্জ্বলকে জিজ্ঞাসা করেছিলেন, এতগুলো কবিতা ও তথ্য নিয়ে গবেষণা করতে কত সময় লেগেছে। জবাবে নির্মাতা জানান, ছবিটি নির্মাণের পেছনে তার আট বছরের শ্রম ও সাধনা রয়েছে। বিষয়টি জেনে আরও বেশি মুগ্ধ হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

সিনেমার গল্প ও চরিত্রগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন উল্লেখ করে সাদিয়া বলেন, প্রতিটি চরিত্রের যাত্রা তিনি অনুভব করেছেন। বিশেষ করে অভিনেত্রী নাবিলা-র অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, একজন সত্যিকারের শিল্পী নিজের কাজ নিয়ে কখনও পুরোপুরি সন্তুষ্ট থাকেন না। নাবিলার মধ্যেও সেই গুণ রয়েছে এবং পর্দায় তিনি অসাধারণভাবে চরিত্রটি তুলে ধরেছেন।

সিনেমায় খায়রুল বাসার এর অভিনয়ের কথাও আলাদাভাবে উল্লেখ করেন সাদিয়া। তার মতে, জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল এতটাই মানিয়ে গেছেন যে, মনে হয়েছে যেন সত্যিই কবিকে দেখছেন। পাশাপাশি সোহেল মণ্ডল এর অভিনয়কেও আন্তর্জাতিক মানের বলে মন্তব্য করেন তিনি।

কেবল অভিনয় নয়, সিনেমাটির কস্টিউম, মেকআপ এবং কাস্টিং নিয়েও প্রশংসা করেছেন সাদিয়া। তার ভাষায়, প্রতিটি চরিত্রের সঙ্গে শিল্পীদের এমন নিখুঁতভাবে মানিয়ে নেওয়া হয়েছে যে পুরো বিষয়টিই ছিল একেবারে ‘পারফেক্ট কাস্টিং’ এর উদাহরণ।

সব মিলিয়ে ‘বনলতা’কে একটি যত্ন, গবেষণা ও নিষ্ঠা দিয়ে নির্মিত চলচ্চিত্র হিসেবে আখ্যা দিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন সাদিয়া আয়মান।