কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ এই নাটকটি তৈরি করা হয়েছে, যার দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।
নাটকটিতে মৌয়ের পাশাপাশি ‘শঙ্খ’ ও ‘সকাল’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফারজানা চুমকিকে। নির্মাতা ও শিল্পীরা জানিয়েছেন, গল্পটিতে চমৎকার একটি পারিবারিক আবহ ও সুন্দর নৈতিক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
নতুন এই নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটিতে যুক্ত হয়েছেন। সবসময় ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার যে প্রচেষ্টা তাঁর থাকে, এই নাটকেও তারই প্রতিফলন ঘটেছে। কাজটি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। অন্যদিকে, ছোটবেলা থেকে যাঁর অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করাকে দারুণ অনুভূতি ও অভিজ্ঞতা হিসেবে আখ্যা দিয়েছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।