সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, সাইবার বুলিং এবং ভিকটিম ব্লেমিং সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, হতাশা এবং সমাজের কিছু বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

প্রায় আট মিনিটের ওই ভিডিওর শুরুতেই প্রভা জানান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে এতদিন মুখ খোলেননি। তবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কিছু বিষয় নিয়ে আর নীরব থাকা সম্ভব হয়নি।

প্রভা বলেন, ‘অনেক দিন ধরেই এসব বিষয় নিয়ে কথা বলিনি। ভেবেছিলাম বলেও কোনো লাভ নেই। কিন্তু কিছু বিষয় আছে, যেগুলো দেখে চোখ বন্ধ করে থাকা যায় না।’

সাইবার বুলিংকারীদের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণা অনুযায়ী যারা নিয়মিত অন্যকে ট্রল বা অপমান করেন, তারা অনেক সময় নিজেদের জীবন, অবস্থান কিংবা অর্জন নিয়ে অসন্তুষ্ট থাকেন। নিজেদের নিরাপত্তাহীনতা, হতাশা ও অক্ষমতার প্রতিফলন হিসেবেই তারা অন্যকে আক্রমণ করেন।

অভিনেত্রীর ভাষায়, ‘যারা মানুষকে নিয়ে বিদ্রূপ করে, কটাক্ষ করে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ করে, তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়। অন্যের সাফল্য বা ভালো অবস্থান মেনে নিতে না পেরে তারা এসব আচরণ করে।’

দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, গত ১৬ বছর ধরে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হয়ে আসছেন। তবে শুধু তাকে নয়, সমাজের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও সমানভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

প্রভা বলেন, ‘আমাকে শতভাগ বুলিং করার আগে সমাজের অপরাধীদেরও অন্তত অর্ধেক বুলিং করুন। অপরাধীদের বিরুদ্ধে যদি সবাই সরব হতো, তাহলে অনেক ভয়ংকর অপরাধী তৈরি হওয়ার সুযোগ পেত না।’

তিনি আরও বলেন, সমাজে কোনো অপরাধ ঘটলে অনেক সময় অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই বেশি প্রশ্নের মুখে পড়তে হয়। এই ভিকটিম ব্লেমিং সংস্কৃতি বন্ধ না হলে অপরাধ কমানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওর শেষ অংশে প্রভা সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম শর্ত। তার মতে, মানুষ যদি সত্যিকার অর্থে অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ায়, তাহলে অনেক অপরাধই প্রতিরোধ করা সম্ভব।