দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বর্তমানে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরির লড়াইয়ে রয়েছেন। তবে সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনসের আসন্ন সিনেমা ‘এক দিন’-এর প্রচার অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষাগত বিড়ম্বনার মুখে পড়েছেন তিনি। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আমির-পুত্র জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন সাই। সিনেমার প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক সংগীত সন্ধ্যায় হিন্দিতে কথা বলার চেষ্টা করতে গিয়েই বাধে বিপত্তি।

হিন্দি বলতে গিয়ে রীতিমতো হোঁচট খেতে দেখা যায় সাই পল্লবীকে। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন যে, হিন্দি ভাষায় তিনি খুব একটা দক্ষ নন। অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তি ইতিবাচকভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। বিশেষ করে নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় সীতা মাতার মতো আইকনিক চরিত্রের জন্য তাকে বাছাই করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, “যিনি সাধারণ হিন্দি শব্দই ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, তিনি কীভাবে মহাকাব্যিক চরিত্রে অভিনয় করবেন?” কাস্টিং নিয়ে হতাশা প্রকাশ করে অনেকেই প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে? তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর অনুরাগী ও ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিন ফার্নান্দেজের মতো তারকারাও ক্যারিয়ারের শুরুতে ভাষাগত সমস্যায় ভুগেছেন। অভিনয়ের দক্ষতাই আসল, ভাষা সময়ের সাথে আয়ত্ত করা সম্ভব- এমনটাই দাবি ভক্তদের।