বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা বাজেট চলচ্চিত্রের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সম্প্রতি। নয়াদিল্লিতে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক এবং সিনেমার প্রধান অভিনয়শিল্পীরা। সেখানেই সীতা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

অনুষ্ঠানে সাই পল্লবী বলেন, সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার কাছে আশীর্বাদের মতো। তার ভাষায়, “একজন অভিনেতার জীবনে এমন চরিত্র খুব কমই আসে। কোনো দেবীর চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। এর জন্য এমন একটি নিবেদিতপ্রাণ টিম প্রয়োজন, যারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলতে চায়।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না আমি সীতার চরিত্রটি বেছে নিয়েছি। বরং এই চরিত্রে অভিনয়ের আশীর্বাদ পেয়েছি। এমন চরিত্র পরিকল্পনা করে পাওয়া যায় না। শুটিংয়ের সময় আমি প্রায়ই ধ্যান করতাম এবং মনে মনে বলতাম, ‘সীতা মা, আপনি আমার মাধ্যমে অভিনয় করুন। আমার ভেতর দিয়ে যা প্রকাশ পাবে, সেটাই আপনার ইচ্ছা।’”

চরিত্রটির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার বিষয়েও কথা বলেন সাই। তিনি জানান, শুটিং চলাকালে নিজের চিন্তা ও মানসিকতাকে যতটা সম্ভব পবিত্র ও ইতিবাচক রাখার চেষ্টা করেছেন। তার ভাষায়, “নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছি, যাতে আমার সেরাটা পর্দায় ফুটে ওঠে।”

এদিকে অনুষ্ঠানে সাই পল্লবী ও রণবীর কাপুরের প্রশংসা করেন পরিচালক নীতেশ তিওয়ারি। তিনি বলেন, “একজন অভিনেতার চোখই সত্যিটা প্রকাশ করে। রণবীরের চোখে আমি রামকে দেখেছি, আর সাইয়ের চোখে সীতাকে। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। পর্দায় আমি রণবীর বা সাইকে দেখি না, আমি শুধু রাম ও সীতাকেই দেখি।”

নমিত মালহোত্র প্রযোজিত ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী। এছাড়া লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে, রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে দেখা যাবে সানি দেওল, কাজল আগরওয়াল, বিবেক ওবেরয়সহ অনেককে।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছরের দীপাবলিতে। নয়াদিল্লির অনুষ্ঠানে সিনেমাটির বিশেষ প্রচার-ঝলক প্রদর্শন করা হলেও সেটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী ২৪ জুলাই।