সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে সালমা লেখেন, “আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি। আমি মা এটাই এখন আমার সবচেয়ে বড় পরিচয়।”

বিশেষ করে বড় মেয়ে স্নেহাকে নিজের কাছে ফিরে পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি। আবেগঘন কথায় জানান, “আল্লাহ পাক তার বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড়সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে। আমার স্নেহা আমার কাছে চলে এসেছে।”

সালমা আরও ইঙ্গিত দেন, এখন তিনি পুরোপুরি সন্তানদের নিয়েই জীবন কাটাতে চান। “কাজে মনোযোগ নেই। আমি সন্তানকে পেয়ে সব ভুলে গেছি। বাকি জীবনটা তোদের জন্য উৎসর্গ করলাম” এভাবেই অনুভূতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন সালমা। এরপর থেকে নিয়মিত গান করে দর্শক শ্রোতাদের মন জয় করে আসছেন।

ব্যক্তিগত জীবনে ২০১১ সালে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক এর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে জন্ম নেয় মেয়ে স্নেহা। তবে ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। পরে ২০১৮ সালের শেষ দিকে আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। তাদের আরেক কন্যাসন্তান সাইফা রয়েছে।

সব মিলিয়ে, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন দুই মেয়েকেই ঘিরেই নতুন করে জীবন সাজাচ্ছেন সালমা।