বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ষাট বছর বয়সে পা দিলেও এখনো অবিবাহিত রয়েছেন এই অভিনেতা। সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা সোমি আলির সঙ্গে তাঁর প্রেমের কথা সবার জানা থাকলেও সালমানের প্রথম প্রেমিকা ছিলেন প্রচারের আলোর বাইরের একজন নারী। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আত্মীয় শাহীন জাফরি।

বলিউডের ভেতরের খবর অনুযায়ী, সালমান খান যখন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন মাত্র ১৯ বছর বয়সে শাহীন জাফরির প্রেমে পড়েন। সেই সময় সালমান চলচ্চিত্রে অভিনয় শুরু করেননি। শাহীনকে সালমানের পরিবারের সদস্যরাও বেশ পছন্দ করতেন এবং তাঁদের বিয়ে হোক এমনটাই চেয়েছিলেন। তবে দীর্ঘদিন স্থায়ী হলেও একপর্যায়ে তাঁদের এই সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে শাহীন স্বামী ও সন্তান নিয়ে অন্তরালে সংসার করছেন।

পারিবারিক সূত্রে শাহীন জাফরি হলেন ভারতের প্রখ্যাত অভিনেতা অশোক婫ারের নাতনি এবং অভিনেত্রী কিয়ারা আদভানির আপন মাসি। শাহীনের বোন জেনি জাফরির মেয়ে হলেন কিয়ারা। অতীতে এক সাক্ষাৎকারে শাহীনের মা ভারতী জাফরি জানিয়েছিলেন, ১৯ বছর বয়সে শাহীন ও সালমান একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তবে সালমান চলচ্চিত্রে প্রবেশ করার পর মডেল ও অভিনেত্রী সংগীতা বিজলানির প্রেমে পড়লে শাহীনের সঙ্গে তাঁর সম্পর্কের অবসান ঘটে।

শাহীনের সঙ্গে বিচ্ছেদের পর সংগীতা বিজলানির সঙ্গে সালমানের প্রায় ১০ বছরের সম্পর্ক ছিল। এমনকি তাঁদের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সোমি আলির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর একে একে ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও কোনোটিই পূর্ণতা পায়নি। বর্তমানে রোমানিয়ান গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে।