বলিউডের সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘মাতৃভূমি’ ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও এখন তা নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে দেখা যাবে না। প্রযোজনা পক্ষ জানিয়েছে, সিনেমার নাম আগে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরে এটি পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের কারণে কিছু দৃশ্য সংশোধন ও অতিরিক্ত শুটিং প্রয়োজন হওয়ায় মুক্তি পিছিয়ে গেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন করে সিনেমাটির মুক্তি ভারতের স্বাধীনতা দিবসের সময়, অর্থাৎ আগস্টে হতে পারে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সিনেমাটির প্রযোজনা করছে সালমান খান ফিল্মস, পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সালমান খান কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে, যিনি সীমান্তে ভারতীয় সেনাদের নেতৃত্ব দেবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী এবং অঙ্কুর ভাটিয়া।
অন্যদিকে, সালমান খান আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু করতে যাচ্ছেন পরবর্তী সিনেমা ‘এসভিসি৬৩’এর শুটিং। এটি দিল রাজু প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত হবে এবং পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক ভামসি পাইদিপল্লি, যিনি আগে ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এতে সালমানের বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী। সিনেমাটির লক্ষ্য ২০২৭ সালের ঈদে মুক্তি।
সর্বশেষ সালমানকে দেখা গেছে ‘সিকান্দর’ সিনেমায়, যেখানে তাঁর সহঅভিনেত্রী ছিলেন রাশমিকা মান্দানা।