তারকাদের অনুসরণ করে ছবি তোলা পাপারাজ্জিদের কাজেরই অংশ। তবে ছবি তোলার নামে অভিনেত্রীদের অস্বস্তিকর বা অনুপযুক্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী করার প্রবণতা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। একই সঙ্গে অনলাইন ট্রলিং, বডি শেমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে এসব বিষয় নিয়ে কথা বলেন সালমান। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কাউকে নিয়ে ইচ্ছেমতো মন্তব্য করার প্রবণতা তৈরি হয়েছে। এমনকি ট্রলিংও একপর্যায়ে ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সালমান বলেন, কাউকে নিয়ে যা খুশি বলা বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিং কিংবা বয়স নিয়ে কটাক্ষ করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
কথা প্রসঙ্গে পাপারাজ্জিদের আচরণ নিয়ে নিজের আপত্তির কথা জানান সালমান। অভিনেত্রীদের ছবি তোলার সময় তাদের অস্বস্তিকর বা অসম্মানজনক অবস্থায় ক্যামেরাবন্দী করা এবং পরে সেই ছবি ছড়িয়ে দেওয়ার প্রবণতাকে তিনি সমর্থন করেন না।
সালমানের মতে, তারকাদের ছবি তোলার অধিকার থাকলেও কারও ব্যক্তিগত মর্যাদা বা সম্মান ক্ষুণ্ন করে ছবি তোলা উচিত নয়। বিশেষ করে নারীদের অস্বস্তিকর অবস্থায় ফেলে ছবি তোলার বিষয়টি নিয়ে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন।
এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, তার ছবি ও ভিডিও ব্যবহার করে এমন অনেক ভুয়া কনটেন্ট তৈরি করা হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
সালমান বলেন, ‘আমারও ভুয়া ভিডিও তৈরি করা হয়। এমন অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এসবের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার। আমি এ বিষয়ে সিরিয়াস।’
অভিনেতার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সময় আরও দায়িত্বশীল আচরণ করা দরকার। কাউকে নিয়ে কোনো মন্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে সেটি ওই ব্যক্তির ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও বিবেচনা করা উচিত।
সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে তারকাদের ভুয়া ছবি, ভিডিও ও ডিপফেক তৈরি নিয়ে বিনোদনজগতে উদ্বেগ বেড়েছে। অনলাইন ট্রলিং ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও বিভিন্ন সময়ে তারকারা কথা বলেছেন। এবার একই আলোচনায় পাপারাজ্জিদের ছবি তোলার ধরন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করলেন সালমান খান।