ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার ব্যতিক্রমী অভ্যাসের জন্য আবার শিরোনামে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। এবার জ্যেষ্ঠ অভিনেতা ও বন্ধু সঞ্জয় দত্তকে নিয়ে মধ্যরাতে একটি আবেগঘন ও মজার পোস্ট শেয়ার করেছেন তিনি। ছবিতে সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশের পাশাপাশি পোস্টে সালমান যে ক্যাপশন লিখেছেন, তা নজর কেড়েছে নেটিজেনদের। 

সালমান খান তাঁর পোস্টে সঞ্জয় দত্তকে ‘বড় ভাই’ উল্লেখ করে লেখেন, “বাবাআআ ফরেভার বাবা আর বাবা, বাবা হয়। সংজু বাবা হয় আমাদের সবার বাবা এবং সংজু বাবা এখন তার সন্তানদের বাবা, আমার বড় ভাই সঞ্জয় দত্ত, আল্লাহ, ভগবান, যিশু সবাই এই মানুষটাকে সুখে রাখুক, আই লাভ ইউ বাবা।”

ক্যাপশনে অন্তত ৯ বার ‘বাবা’ শব্দটি ব্যবহার করায় ট্রোল ও মজাদার মন্তব্যে মেতে উঠেছেন সালমান-ভক্তরা। এক অনুরাগী মন্তব্য করেছেন, “ভাই ক্যাপশনে টানা ৯ বার বাবা লিখেছেন!” আরেকজন লেখেন, “দুর্দান্ত ও স্যাবাজ ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনার বিকল্প নেই।” অনেকে আবার মজা করে লিখেছেন, সালমান ও সংজু বাবার রাতটা হয়তো বেশ রঙিন কেটেছে।

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব অটুট রয়েছে। ‘সাজন’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ারের পর বাস্তব জীবনেও একে অপরকে ভাইয়ের মতো সম্মান করে আসছেন তাঁরা।

কাজের ফাঁকে সম্প্রতি ভাই সোহেল খানের রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর সেটেও হাজির হতে দেখা গেছে সালমানকে। ডেনিম শার্ট, কালো প্যান্ট ও কাউবয় হ্যাটে সালমানের সেই উপস্থিতিও নজর কেড়েছিল ভক্তদের।