বলিউড সুপারস্টার সালমান খানকে একনজর দেখতে কিংবা তাঁর সঙ্গে ফ্রেমবন্দী হতে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় গণেশ চতুর্থীর উৎসব শেষ করে ফেরার পথে চরম বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। আলোকচিত্রীদের ধাক্কাধাক্কি ও উৎসুক জনতার ভিড়ের মুখে হাতজোড় করে পথ ছেড়ে দেওয়ার আকুল আবেদন জানাতে দেখা গেছে তাকে। 

প্রতিবেদনে জানানো হয়, মণ্ডপ থেকে বের হওয়ার পরপরই ভক্ত ও আলোকচিত্রীদের প্রচণ্ড ভিড় সালমানকে ঘিরে ফেলে। বারবার অনুরোধ সত্ত্বেও পথ না পাওয়ায় হাত জোর করে সবাইকে সরে দাঁড়াতে বলেন তিনি। এই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই নিজের মানবিক দিক উন্মোচিত করেন অভিনেতা; ভিড়ের চাপে নিরাপত্তারক্ষীরা যাতে দুটি ছোট শিশুকে ধাক্কা না দেয়, সেজন্য তিনি নিজে কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে পড়েন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পর গাড়ির দিকে এগিয়ে যান।

তবে ওই ঘটনার একটি ভাইরাল ভিডিও নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে, যেখানে নিজের গাড়িচালকের ওপর সালমানকে বেশ কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ ও আঙুল উঁচিয়ে তোপ দাগতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে গুঞ্জন রটেছে, ভিড়ের মধ্যে গাড়ি চালানোর সময় চাকায় লেগে এক ভক্ত আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই চালকের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন সালমান। যদিও কোনো ভক্ত সত্যিই আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।