বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’ এ অভিনয় করছেন তারা। সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বলিউডলাইফ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রচার ঝলক। সেখানে সালমান খান ও সঞ্জয় দত্তকে দেখা গেলেও তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দুই তারকার উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, সিনেমার গল্পে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো সৌদি আরবের কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এতে আরও অভিনয় করেছেন মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।
অ্যাকশন ও ‘বাডি-কপ’ ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি অপরাধী চক্রকে ঘিরে। এতে সৌদি আরবের পাশাপাশি বিভিন্ন দেশের জনপ্রিয় তারকাদেরও যুক্ত করা হয়েছে। ফলে আঞ্চলিক সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকদের কাছেও সিনেমাটি আকর্ষণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব ও পর্দার রসায়ন অবশ্য নতুন নয়। এর আগে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জালওয়া’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। দীর্ঘ বিরতির পর গত বছর এপি ঢিল্লোঁর গান ‘ওল্ড মানি’র মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে।
এবার ‘সেভেন ডগস’ এর মাধ্যমে আবারও বড়পর্দায় তাদের একসঙ্গে দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। সিনেমাটিতে সালমান ও সঞ্জয়ের চরিত্র কীভাবে গল্পকে এগিয়ে নেয়, সেটিই এখন দেখার বিষয়।