চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালমান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তাঁর প্রতি সমর্থন জানান রাফসান। তিনি লেখেন, বেড়ে ওঠার সময় থেকেই সালমানকে অনুসরণ করেছেন তিনি। একজন ভক্ত হিসেবে সালমানের প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকেই তাঁকে দেখেছেন। পরবর্তী সময়ে তাঁকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে এবং জীবনে নানা অর্জন করতে দেখেছেন। বাস্তব জীবনেও সালমানকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে জানিয়ে রাফসান বলেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।
সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান বলেন, ঘটনাটি দেখে তাঁর ভীষণ রাগ হচ্ছে। নিজের শ্রম, ঘাম ও ভালোবাসা দিয়ে সালমান স্টুডিওটি গড়ে তুলেছেন এবং এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সালমানকে সাহস জোগাতে রাফসান আরও লেখেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’
এর আগে শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি দেখিয়ে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল...এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা যায়। তবে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্যের তথ্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।